বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে

নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আজ সোমবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এএসএম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, সকাল থেকে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে কর্মসূচি চলছে বলে তিনি খবর পেয়েছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই শিক্ষকেরা ক্লাসের পাশাপাশি পরীক্ষাও নিচ্ছেন না বলে তিনি জানতে পেরেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পূর্বঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হবে। নতুন করে কোনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না। দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের এই কর্মবিরতি চলবে।

শিক্ষার্থীদের আশঙ্কা, বছরের শুরুর দিকে লাগাতার এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সেশনজট শুরু হবে। সাম্প্রতিক সময়ে এই সেশনজট কমে গিয়েছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা বেতন সমস্যা নিয়ে গত প্রায় আট মাস ধরে আন্দোলন করছেন। বর্তমানে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোতে ১২ হাজারেরও কিছু বেশি শিক্ষক রয়েছেন।