বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সতর্ক থাকতে বললেন খালেদা জিয়া
বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সংকটের কারণে শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় থাকতে তাঁদের প্রতি আহ্বান জানান। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের আন্দোলনের কর্মকৌশল নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১২টায়।বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খালেদা জিয়ার শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন জানান। সরকারের কোনো ফাঁদে পা না দিতে বিএনপিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তাঁরা। শিক্ষকেরা বলেন, দাবি আদায়ের আন্দোলনে বিএনপি সঠিক পথে আছে। তবে সরকারের ব্যর্থতা থেকে সুবিধা নিতে দলটি অনেক ব্যর্থ হয়েছে। বিএনপিকে জনস্বার্থের ইস্যুগুলোতে আরও বেশি ভূমিকা রাখতে তাঁরা খালেদা জিয়াকে অনুরোধ করেন। খালেদা জিয়া শিক্ষকদের কাছে আগামী দিনের করণীয় সম্পর্কে পরামর্শ চান। পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া শিক্ষকদের সঙ্গে এই বৈঠক করেন। এটি ছিল প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্য পেশাজীবীদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, মনিরুজ্জামান মিঞা, আনোয়ারউল্লাহ চৌধুরী, এস এম এ ফায়েজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, এনামুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবউল্লাহ, সদরুল আমিন, আ ফ ম ইউসুফ হায়দার, জিন্নাতুন নেসা তাহমিনা, শাহিদা রফিক, আবদুল আজিজ, তাজমেরী এস এ ইসলামসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।