বিশ্ববিদ্যালয় শিক্ষকের গাড়িচাপায় কলেজ শিক্ষকসহ নিহত ২

নতুন কেনা প্রাইভেট কার চালনা শিখছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আরিফুল ইসলাম। রাস্তার গতিরোধক দেখে গাড়ির ব্রেক কষতে গিয়ে ভুল করে এক্সেলারেটরে চাপ দেন। নিয়ন্ত্রণহীন হয়ে গাড়ি চাপা দেয় রাস্তার পাশে থাকা চারজন পথচারীকে।
এঁদের মধ্যে একজন প্রবাসী ঘটনাস্থলে এবং পরে আহত অবস্থায় হাসপাতালে মারা যান এক কলেজশিক্ষক। দুর্ঘটনায় অধ্যাপক আরিফুলসহ তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার দুপুরের দিকে ক্যাম্পাসের রাস্তায়।
পুলিশ জানায়, নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। এঁরা হচ্ছেন গিয়াস উদ্দিন (৭০) ও শেখ আতাউর রহমান (৫৫)। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামে। প্রবাসী গিয়াস উদ্দিন সিলেট নগরের পাঠানটুলা ও সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর নগরের মজুদারি এলাকায় সপরিবারে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফুল ইসলাম কয়েক দিন আগে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) কেনেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন চালক আবুল কালাম আজাদ। প্রধান ফটক থেকে ১০০ গজ ভেতরে সড়কের গতিরোধকে গাড়ির গতি কমাতে গিয়ে ব্রেকের পরিবর্তে ভুলে এক্সেলারেটরে চাপ দেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়িটি পথচারী গিয়াস উদ্দিন, শেখ আতাউর রহমান ও তাঁর মেয়ে রাহিবা রহমানকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান।
আতাউর, রাহিবা ও অধ্যাপক আরিফুলের গাড়িচালক আবুল কালাম আজাদকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর অধ্যাপক আরিফুল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকটা আত্মগোপনে রয়েছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, শেখ আতাউর রহমান মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, মেডিকেল কলেজ মর্গের সামনে হাউমাউ করে কাঁদছিলেন নিহত দুজনের পরিবারের সদস্যরা। গিয়াসউদ্দিনের পরিবারের এক সদস্য জানান, নিহত দুজন ক্যাম্পাসে নিয়মিত জগিং করতেন। গতকাল একটু বেলা করে গিয়ে তাঁদের আর ফেরা হয়নি।
শিক্ষকের গাড়িচালক দুর্ঘটনার কারণ ব্রেক কষার বদলে এক্সেলারেটরে চাপ দেওয়া হয় বলে জানান। শিক্ষক আরিফুল এখন কোথায় আছেন, এ বিষয়ে কালাম কিছু জানেন না বলে জানান। দুর্ঘটনার পর অধ্যাপক আরিফুলের মুঠোফোনে একাধিকবার কল করে ফোন বন্ধ পাওয়া গেছে। গতকাল বিকেল পাঁচটায় ক্যাম্পাসে তাঁর বাসায় গিয়ে অধ্যাপক আরিফুলের খোঁজ করলে এক নারী জানান, তিনি বাসায় নেই।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের রাস্তাজুড়ে ছোপ ছোপ রক্ত। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা রাস্তায় পানি ঢেলে রক্ত পরিষ্কার করছেন। এ ঘটনায় শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী ওই শিক্ষকের নতুন গাড়ি কেনা এবং প্রায় এক সপ্তাহ ধরে গাড়িচালককে সঙ্গে নিয়ে গাড়ি চালনা শেখার বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আনাড়ি হাতে গাড়ি চালনার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তিনিও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হতাহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।