বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও নির্যাতনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সফিউল আজম গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত ২৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো।
গত ৪ মে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদৌল্লাহ কলাবাগান থানায় শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ আনা হয়। কলাবাগান থানা-পুলিশ ওই দিন শিক্ষক মাহফুজুর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। পরে আসামি মাহফুজুর রশিদ জবানবন্দি দিয়ে শিক্ষার্থীদের যৌন নির্যাতন ও হয়রানির কথা স্বীকার করেন। এই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাঁকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে কারাগারে আছেন শিক্ষক ফেরদৌস। নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপপরিদর্শক আফরোজা আইরীন তদন্তে শেষে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, শিক্ষক ফেরদৌস আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রশ্নপত্র এবং মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।