প্রধানমন্ত্রীর ‘মৃত্যু কামনা’
বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ
প্রধানমন্ত্রীর ‘মৃত্যু কামনা’ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্টেটাস দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন খন্দকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রায় দেন।রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রুহুল আমিনের বিরুদ্ধে ১২৪-এ ধারায় (রাষ্ট্রদ্রোহ) মামলা করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।জানা যায়, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশনস অ্যান্ড টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল আমিন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। ২০০৯ সাল থেকে বিনা বেতনে তিনি অস্ট্রেলিয়ায় ছুটিতে আছেন।গত বছরের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যু কামনা’ করে ফেসবুকে এই শিক্ষক স্ট্যাটাস দেন।জানা যায়, ওই দিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ফেসবুক ওয়ালে পোস্ট করা একটি স্ট্যাটাসে লেখা ছিল, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?’ এ নিয়ে ১৮ আগস্ট ‘জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনা হয়।এরপর ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। অপর এক আদেশে গত ২৫ আগস্ট ওই শিক্ষককে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত নোটিশ জারি করতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ধার্য তারিখে তিনি হাজির না হওয়ায় গত ১২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। রুলের জবাব দিতে সময়ও বেঁধে দেওয়া হয়। এর পরও তিনি আদালতে হাজির হননি এবং জবাব দেননি। আদালত অবমাননার শুনানির পর ৪ জানুয়ারি এক আদেশে ওই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর মূল রুলের শুনানির পর গতকাল রায় দেওয়া হয়।