বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের হাউজিং এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, আবদুল লতিফ এই বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সহযোগী অধ্যাপক থাকা অবস্থায় আট মাস আগে তিনি অবসরে যান।পারিবারিক সূত্র জানায়, লতিফের গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার আলমডাঙ্গায়। তিনি চিরকুমার ছিলেন। কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকে নিজ বাড়িতে থাকতেন একাই। প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় গতকাল পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লতিফের ডায়াবেটিস ও রক্তচাপ ছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।