সোনাপুর-সুবর্ণচর সড়ক সংস্কারের দাবিতে গতকাল সোমবার শহরের প্রধান সড়ক অবরোধ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট ও লিংক রোডের মাথায় অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা৷
সোনাপুর-সুবর্ণচর সড়ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক নামে পরিচিত৷
সড়ক অবরোধের কারণে নোয়াখালী শহরের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল৷ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় কয়েকজন শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন৷
বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমা অবরোধস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এলজিইডি ও প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিকেল পাঁচটা থেকে সড়কের বিশ্ববিদ্যালয় অংশের গর্তগুলো ভরাট করে আপাতত যানবাহন চলাচলের উপযোগী করার এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ সংস্কার শুরুর ঘোষণা দেওয়া হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নিতে সম্মত হন। দুপুর সোয়া ১২টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে ও লিংক রোডের মাথায় জড়ো হতে থাকেন। সকাল নয়টায় দুই সহস্রাধিক শিক্ষার্থী সড়ক সংস্কারের দাবিতে সড়কের ওপর অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাঁরা বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র রোদের মধ্যে সড়কে বসে থাকেন ও বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে তাঁরা সড়কটি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন। সড়কটির এমন অবস্থা যে হেঁটেও ক্যাম্পাসে যাতায়াত করা কঠিন৷ এ সড়ক সংস্কারের দাবিতে এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সরকারের বিভিন্ন দপ্তরে তাঁরা আবেদন করেছেন। কিন্তু কাজ না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধের কর্মসূচি দেন৷