বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, যারা উচ্চশিক্ষা নিচ্ছে, তাদের সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা নিশ্চিত করা হবে। উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় তা করা হবে। এ প্রকল্পের ৬৭১ কোটি টাকার মধ্যে ৩৫০ কোটি টাকা খরচ করা হবে শিক্ষার মান উন্নয়ন ও গবেষণা খাতে।নজরুল ইসলাম আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উপযুক্ত আইনের আওতায় আনা হবে। গতকাল মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল, ডিন কাউন্সিলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে ইউজিসির চেয়ারম্যান নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার সূতিকাগার। শিক্ষকদের রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের মনে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে।