শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষোভের সঙ্গে বলেছেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষিত মানুষের বস্তি হচ্ছে। বস্তিতে যে সংস্কৃতি আছে, তা হচ্ছে এখানে। হানাহানি, কলহ, ছিনতাই ও রাহাজানি হচ্ছে। ছাত্ররা নারী লাঞ্ছনা করছে, এমন খবরও শুনতে হচ্ছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ২৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রসংসদ নেই, এটা ভাবা যায়? সাংস্কৃতিক চর্চা নেই, বিতর্ক নেই, বক্তৃতা নেই, আলোচনা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে দেশের ২০ শতাংশ মানুষ মধ্যবিত্ত। ৮০ শতাংশ মানুষ সুযোগবঞ্চিত। ২০ শতাংশের মধ্যে আবার দুই ভাগ উচ্চবিত্ত। তারা সম্পদ বিদেশে পাচার করছে। আবার ২০ শতাংশের মধ্যে ৮ শতাংশ যথার্থ মধ্যবিত্ত, যাদের আদর্শ উচ্চবিত্ত। এর সমীকরণ কীভাবে হবে? এই সংকট শ্রেণির সংকট। এই সংকট মীমাংসা হবে সমাজ পরিবর্তনের মধ্যে দিয়ে।
১৯৫২ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও বুদ্ধিজীবীদের অবস্থান ব্যাখ্যা করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমলে বুদ্ধিজীবীরা বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট ছিলেন। আজ দেখা যাচ্ছে, বুদ্ধিজীবীদের বড় অংশ সন্তুষ্ট।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে পারিনি। এর ফলে শিক্ষাব্যবস্থা আরও বিভক্ত হয়েছে। শিক্ষা ঐক্য সৃষ্টি না করে বৈষম্যের সৃষ্টি করছে।’
বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আবু হেনা মোস্তফা কামাল রচিত ‘মুনীর চৌধুরীর প্রতি খোলা চিঠি’ থেকে পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন কাজী মদিনা।