বিশ্ববিদ্যালয় স্থাপন স্থগিত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন স্থগিত রাখাসহ বিভিন্ন দাবিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন বন্ধ করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। বক্তারা বলেন, পার্বত্য চুক্তি লঙ্ঘন করে প্রণীত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না।
মহিলা সমিতির সহসভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, যুব সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তাপস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক রিমিতা চাকমা প্রমুখ।
এর আগে সকাল ১০টায় শহরের দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বনরূপা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।