বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দেশ ও জাতির কাছে দায়বদ্ধ থেকে তাদের ক্যাম্পাসগুলোকে জ্ঞানচর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সাউথইস্ট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত অর্থেই জ্ঞানচর্চার সর্বোত্তম ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ, শিক্ষা, বিজ্ঞান ও আইসিটিতে আলোকিত একটা তরুণ প্রজন্মই কেবল জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে।’
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন একটা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং দেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে দেশে উচ্চশিক্ষার তাৎপর্যপূর্ণ বিস্তার ঘটেছে এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উন্নয়নের ধারা বজায় রাখতে তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার মান নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিশ্চিত করতে একটি ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ গঠনে যৌথভাবে কাজ করছে।
শিক্ষার্থীদের যুক্তিসংগত খরচে পড়াশোনা করার সুযোগ দান এবং আয়ের একটা অংশ শিক্ষার্থীদের কল্যাণে ও গবেষণাকাজে ব্যয় করার ঘোষণা দেওয়ায় আবদুল হামিদ সাউথইস্ট ইউনিভার্সিটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আনোয়ার হোসেন বক্তৃতা করেন। সমাবর্তন বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সমাবর্তন অনুষ্ঠানে মোট ৫ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য দুই শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।