বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী হয় না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগী হয় না। তারা সাহস করতে পারে না। তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন খুব জনপ্রিয় ছিল। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করুক—এটা আমরা চাই।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে সরকারি দলের শফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী বলেন, কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ছাত্রছাত্রীরাই সেই নির্বাচন পরিচালনা করছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি দলের আবদুল মতিন খসরুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি দেওয়ার যোগ্যতা নেই। এই ক্ষমতা ও অনুমতি তাদের দেওয়া হয়নি। তিনি বলেন, বাংলাদেশে যেমন ভুয়া বা জাল পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তেমনি বিদেশ থেকেও এগুলো নেওয়া সম্ভব। ওই সব দেশেও জাল সার্টিফিকেট বিক্রি হয়।
পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন অনুযায়ী ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে।
জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন বেতন স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আগামী ১ জুলাই ২০১৬ থেকে বর্ধিত হারে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা পরিশোধের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের বরাদ্দও চাওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বিষয়টি কথিত। এটা দলিলপত্রে কোথাও লেখা নেই। এটা হওয়ার কোনো কারণও নেই। এটা লোকে বলে। আর বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি।’ তিনি বলেন, শিক্ষার মান কমে যাওয়ার তথ্যটি সঠিক নয়। মান কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, ‘আমি ৫০ বছর ধরে শুনছি, শিক্ষার মান কমে যাচ্ছে। প্রতিবছর ফলাফলের পর বলা হয়, পাস করছে বেশি কিন্তু মান পড়ে যাচ্ছে। যদি এটা সত্য হতো, তাহলে এত দিনে আমাদের মাটির ৫০ হাত নিচে নেমে যেতে হতো।’
কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতি বাতিল করায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাংশ সংক্ষুব্ধ হয়। শিক্ষকদের সংক্ষুব্ধতা নিরসনের লক্ষ্যে সরকার উচ্চপর্যায়ে একটি কেবিনেট উপকমিটি গঠন করে। ওই উপকমিটির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী শিক্ষকদের এ দাবির বিষয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হচ্ছে। আশা করা যায়, শিগগিরই এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব হবে।
লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফজিলাতুন্নেছা বাপ্পীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোকে নিয়মের মধ্যে আনা হবে।
সেলিনা জাহানের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব প্রতিবন্ধী শিশুর ভাতার আওতায় আনা হবে।