বিশ্ববিদ্যালয়গুলোও ফুঁসে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে জাহাঙ্গীরনগর, রাজশাহী, কুষ্টিয়ার ইসলামী ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ও ফুঁসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোতে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুপুর ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরোনো কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা গণমানুষের দাবি উপেক্ষা করে ভোটের নোংরা রাজনীতি বন্ধ ও কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয়: সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টুকিটাকি চত্বরে গতকাল থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্রতিবাদ শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে টুকিটাকি চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন প্রগতিশীল শিক্ষক ও ছাত্রসংগঠনের শতাধিক নেতা-কর্মী। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ওই সমাবেশে গিয়ে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কাদের মোল্যার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তা জাতির জন্য হতাশাজনক। কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি না দিলে জাতি কলঙ্ক থেকে মুক্ত হতে পারবে না। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এতে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মস্তাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস, লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল (ইইই) বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবাল প্রমুখ। জাফর ইকবাল বলেন, ‘রায়ের পর কাদের মোল্লার “ভি” চিহ্ন দেখলেই বোঝা যায় সে ভেবেছিল, তার মৃত্যুদণ্ড হবে। যখন দেখেছে তার অপরাধের শাস্তি লঘু হয়েছে, তখন সে সেটাকে বিজয় হিসেবে গ্রহণ করেছে।’