নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
রাজধানীর বসুন্ধরায় গতকাল রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ২০তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তনে সভাপতিত্ব করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চশিক্ষা যাতে কেবল সীমাবদ্ধ আনুষ্ঠানিক বিদ্যায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান যেন জাতির মৌলিক ও বিশেষ সমস্যার সমাধান দিতে পারে, এ জন্য পরিকল্পনা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও গুণগত মান বৃদ্ধির জন্য অব্যাহত উন্নতি ও যুগোপযোগী করতে হবে। দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ভর্তি, টিউশন ফিসহ সব ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এবারের সমাবর্তনে ২ হাজার ৬৪২ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৮২৯ জন স্নাতকের আর ৮১৩ জন স্নাতকোত্তরের সনদ নেন। তাঁদের মধ্যে দুজনকে আচার্যের স্বর্ণপদক এবং সাতজনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বর্তমান প্রজন্মের একটি বিপথগামী অংশ হিরোর খোঁজে সিরিয়া আর ইরাকে দৌড়ায়। অথচ এ দেশে অনেক রোল মডেল আছে, যা আমাদের সন্তানদের জানানোর প্রয়োজন আমরা মনে করি না। এটা জাতির জন্য দুর্ভাগ্য।’ তিনি বলেন, যে মাটি ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত, সেই মাটিতে জঙ্গিবাদের জন্ম আর বিচরণ হতে পারে না। ধর্মান্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তাতে জয় অবশ্যম্ভাবী।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিথি উইন্থার। তিনি বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের মুক্ত আলোচনা করাটা এই অস্থির ও বিভ্রান্তিকর সময়ে অন্য যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক কিছু ঘটছে আমাদের পৃথিবীতে। তোমাদের জ্ঞান আর দিকনির্দেশনা এই পৃথিবীর প্রয়োজন।’
স্নাতক ও স্নাতকোত্তর সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘তোমরা ব্যবসায় নেতৃত্ব দেবে। প্রযুক্তির রূপরেখা তৈরি করবে। বিজ্ঞানকে যুগান্তকারী করবে। যাঁরা অক্ষম, তাঁদের সাহায্য করবে। আমাদের ঐতিহ্যকে লালন করে তোমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে পারবে।’
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবর্তনে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন উপাচার্যের স্বর্ণপদক পাওয়া ইয়াসির আরেফিন রাহিব। সমাবর্তন অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।