বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে। যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান করাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধিত্ব করেন শিক্ষামন্ত্রী।
দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি, টিউশন ফিসহ সব ধরনের ব্যয় সীমার মধ্যে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, একদল স্বাধীনতাবিরোধী ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সমাবর্তন বক্তা ছিলেন ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহা. মোজাম্মিল। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারা বেগম, প্রস্তাবিত উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম খান প্রমুখ।
সমাবর্তনে ১৭ হাজার ২৮৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ১০ জনকে আচার্যের পুরস্কার ও ১৮ জনকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পুরস্কার দেওয়া হয়।