বিশ্ববিদ্যালয়গুলোকে স্বনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব আয়ের ওপর অধিকতর নির্ভরশীল হওয়ার চেষ্টা চালাতে সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারি অর্থের ওপর অধিক নির্ভরশীলতার কারণে এই বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের অধিকার খর্ব হচ্ছে। গতকাল বুধবার শেখ হাসিনা তাঁর কার্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ‘প্রধানমন্ত্রীর পদক’ বিতরণকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১০ সালে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ৮২ শিক্ষার্থীকে এই পদক দেওয়া হয়। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে উচ্চশিক্ষা কমিশন নামে একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নেও একটি স্বতন্ত্র অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। পদক পাওয়া শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভূতিভূষণ সিকদার ও বুয়েটের নাজিয়া নাফসিন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করেছে।বাংলাদেশে বিনিয়োগে জিইর আগ্রহ: আমেরিকান কঙ্গলোমেরেট জেনারেল ইলেকট্রিক কোম্পানির (জিই) চেয়ারম্যান, সিইও এবং প্রেসিডেন্ট ওবামার চাকরি-সংক্রান্ত কাউন্সিলের চেয়ার জেফরি ইমেল্ট গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে জেফরিকে স্বাগত জানিয়ে বলেন, জিই বাংলাদেশে মানবসম্পদ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সহায়তা দিতে পারে।প্রধানমন্ত্রী বিবিয়ানা-১ ও ২ আইপিপি প্রকল্পে অংশগ্রহণ এবং সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট সিসিপিপি প্রকল্পে গ্যাস টারবাইন জেনারেটর সরবরাহের জন্য ইপিসির সঙ্গে চুক্তি করায় জিইকে স্বাগত জানান।