বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাবলম্বী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কর্মসূচি বাস্তবায়নে তাদের স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহায়তা দেবে। তবে আপনাদেরও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে অনুদান নেওয়ার মতো বিভিন্নভাবে তহবিল গঠনের উদ্যোগ নিতে হবে।’শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের সময় প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন ও পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন রুটে বিআরটিসির বাস চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আনোয়ারুল আজিম আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।