বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, প্রগতিশীল শিক্ষক সমাজ, শিক্ষক সমিতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । শাহজালাল বিশ্ববিদ্যালয়: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. সালেহ উদ্দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিজয় মিছিল, খেলাধুলা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।খুলনা বিশ্ববিদ্যালয়: সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের নিচ তলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণির আয়োজন করা হয়। শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ্ ও উপ-উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার ফকির আবু হোসেন। ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল নয়টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য এম আলাউদ্দিন। পরে তাঁর নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য ও সহ-উপাচার্যের নেতৃত্বে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।পটুয়াখালী বিশ্ববিদ্যালয়: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনাজপুর: দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে নয়টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের করে। সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।