বিশ্ববিদ্যালয়গুলোতে এক মঞ্চে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও। গতকাল বুধবার জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষকেরাও।কাদের মোল্লাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে ফাঁসি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত অন্য আসামিদেরও ফাঁসির দাবি জানানো হয়।বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ ছাত্রছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ অনেক শিক্ষক যোগ দেন। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হওয়ার বিষয়টিকে আমরা অভিনন্দন জানাই। তবে তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটি যথোপযুক্ত হয়নি।’আমরা এই রায়ে ক্ষুব্ধ ও হতাশ।’ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘১৯৭১ সালে তোমাদের বয়সী তরুণ-তরুণীরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এখন দেশ রক্ষার দায়িত্ব তোমাদের মতো তরুণ-তরুণীদেরই।’সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ শামসুল আলম, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ বক্তব্য দেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের সেক্টর কমান্ডারস চত্বরে এক ঘণ্টার প্রতীকী অনশন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় জাগরণের গান ও প্রতিবাদী কবিতা আবৃত্তি করা হয়।সোয়া দুইটার দিকে ক্যাম্পাসের মুক্তমঞ্চে ছাত্রলীগের কর্মীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে ‘রাজাকারের ফাঁসি চাই’ স্লোগান লেখেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর উপাচার্য মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সেখান থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গিয়ে শেষ হয়। পরে মহাসড়কের এক পাশে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিচারে দোষী প্রমাণিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশে জাতি হতাশ। এ জন্য সারা দেশে তাঁর ফাঁসির দাবি উত্থাপিত হচ্ছে। সব যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে।’একই দাবিতে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বালন করেন প্রগতিশীল শিক্ষকেরা।রাজশাহী বিশ্ববিদ্যালয়: বেলা ১১টার দিকে ক্যাম্পাসের জিয়াউর রহমান হল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ে বিস্ময় প্রকাশ করে গতকাল পৃথক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সমাজ। প্রগতিশীল শিক্ষক সমাজ বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, এ রায় জাতির প্রত্যাশার সঙ্গে মোটেই সংগতিপূর্ণ নয়। মানবতাবিরোধী অপরাধে জড়িত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই।’শিক্ষক সমিতি তাদের বিবৃতিতে বলেছে, ‘অপরাধী আবদুল কাদের মোল্লার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া সত্ত্বেও তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। আমরা তাঁর সর্বোচ্চ শাস্তি, দাবি করছি।’