‘বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক স্বৈরাচার ভেঙে দেওয়ার সময় এসেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ‘সাস্টের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে সংহতি সমাবেশ। ২৩ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকা ব্যক্তিদের ‘স্বৈরাচারী আচরণের’ কড়া সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক স্বৈরাচার ভেঙে দেওয়ার সময় এসেছে। বিশ্ববিদ্যালয় বাঁচাতে হলে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক কাতারে দাঁড়াতে হবে।

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংহতি সমাবেশে শিক্ষার্থীরা এসব কথা বলেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ‘সাস্টের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শোভন রহমান বলেন, ‘দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও প্রাধ্যক্ষরা একই সূত্রে গাঁথা। অনিয়ম-দুর্নীতি করে তাঁরা পদ পেয়েছেন। পদকে তাঁরা পৈতৃক সম্পত্তির মতো মনে করেন। এই চেয়ারে কী এমন মধু আছে, যা খাওয়ার লোভে শিক্ষার্থীরা মরতে বসলেও তাঁরা তা ছাড়তে চান না? সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই সূত্রে গাঁথা। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়েই নানা সমস্যা বিদ্যমান। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সেই সূত্র খুঁজে পাবেন। বিশ্ববিদ্যালয় বাঁচাতে হলে সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে।’

শোভন রহমান জানান, কাল সোমবার বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য (রাষ্ট্রপতি) বরাবর একটি খোলা চিঠি দেওয়া হবে। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হবে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক জাবির আহমেদ বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন। এসবের সমাধানে প্রশাসন কিছুই করছে না। সম্প্রতি দেশের ৩৪ বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী উপাচার্যরা ফরিদ উদ্দিন আহমেদের পক্ষে এক হয়ে দাঁড়িয়েছেন। তাই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক স্বৈরাচার ভেঙে দেওয়ার সময় এসেছে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র হাসিবুল হাসান। তিনি বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে মারা যাচ্ছেন। সেখানে উপাচার্য না গিয়ে পারেন কীভাবে? একটা লোক এই কাজ করার পর উপাচার্য থাকেন কীভাবে? আমরা এটা মানতে পারছি না। আমাদের আন্দোলনটা সম্পূর্ণ অহিংস। এই আন্দোলন কোনো দল বা সংগঠনের ব্যানারে নয়, আন্দোলনটি করছেন সাধারণ শিক্ষার্থীরাই। আমরা অস্ত্র হাতে না নিয়ে সুন্দর একটি আন্দোলন করে দেখাতে চাই। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

ছাত্র ইউনিয়নের কর্মী অর্ণি আনজুমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ফেডারেশনের কর্মী উমামা ফাতেমা, ছাত্র ইউনিয়নের কর্মী আকিব আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।