বিশ্ববিদ্যালয়গুলোয় নানা কর্মসূচি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রোববার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ক্যাম্পাসগুলোতে চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের গান পরিবেশন এবং টিএসসিতে ‘চেতনায় একুশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে সাহিত্য সংঘের ব্যবস্থাপনায় মুক্তমঞ্চে হয় কবিতা আবৃত্তি।ইসলামী বিশ্ববিদ্যালয়: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শনিবার রাত পৌনে ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক শোভাযাত্রা বের হয়। পরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য এম আলাউদ্দিন। গতকাল সকালে শাহ আজিজুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়: বিকল্প শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা অনুষ্ঠান, ছাত্র-শিক্ষকদের প্রীতি ক্রিকেট খেলা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।পটুয়াখালী বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল।