বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যা মামলা: ছাত্রলীগ নেতার জামিন নামঞ্জুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান আশার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আসামি আশরাফু্জ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করে এই মামলায় জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার খুন হন। আহত হন আরও পাঁচ ছাত্র। এ ঘটনায় ১৭ ডিসেম্বর তাপসের সহপাঠী হাফিজুল ইসলাম হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। এতে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী আসামি আশরাফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বর্তমানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রয়েছে মামলাটি।
পিবিআই সূত্র জানায়, তাপস হত্যা মামলার মূল অভিযুক্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক আশরাফুজ্জামান আশা। তাঁর গুলিতে তাপস নিহত হন বলে অভিযোগপত্রে বলা হয়। বাকি ২৮ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতা এবং ২৫ জনের বিরুদ্ধে বেআইনিভাবে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়।