গাড়ির চাপা পড়ে ট্রাফিক সার্জেন্ট রিয়াজউদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র অলিউল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।রায়ে বলা হয়, অলিউলের অবহেলায় গাড়ির চাপা পড়ে সার্জেন্ট রিয়াজউদ্দিনের মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়েছে। তাঁকে অবহেলাজনিত হত্যার অভিযোগে এই সাজা দেওয়া হলো।২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পান্থপথের বটতলায় দায়িত্ব পালনরত অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি রিয়াজউদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ২২ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই গাড়ির চালক অলিউলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি গুলশানের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম জানান, মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।