বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ১৭৬ জন। চলতি শিক্ষাবর্ষে আরও ৫৫০ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম চলছে। তাঁদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন ৩২ জন, কর্মকর্তা-কর্মচারী ৬৩ জন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক নেই। এ অবস্থায় তিন বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চলছে ঢিমেতালে।শিক্ষাবিদ আমির আলী চৌধুরী বলেন, পাঠ্যসূচি ও প্রশ্নপত্র প্রণয়নে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকা জরুরি। এ ছাড়া প্রশাসনকি কার্যক্রমেও অধ্যাপকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অধ্যাপক না থাকা মানে পিছিয়ে থাকা। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ চাইলে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে অধ্যাপক আনতে পারে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আটটি বিভাগে ৩২ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে সহযোগী অধ্যাপক তিনজন, সহকারী অধ্যাপক পাঁচজন, বাকি ২৪ জন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।হিসাববিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষকের মধ্যে একজন সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগে তিনজন শিক্ষকের মধ্যে একজন সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগে চারজন শিক্ষকের মধ্যে একজন সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগে চারজন শিক্ষকের মধ্যে একজন সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগে ছয়জন শিক্ষকের মধ্যে একজন সহযোগী ও দুজন সহকারী অধ্যাপক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুজন শিক্ষকের মধ্যে একজন সহকারী অধ্যাপক রয়েছেন।ব্যবস্থাপনা বিভাগে তিনজন প্রভাষক ও গণিতে পাঁচজন প্রভাষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করিম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন সরকারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে। এদিকে ২০০৯-১০ শিক্ষাবর্ষে নতুন তিনটি বিভাগ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), নৃবিজ্ঞান ও বাংলা বিভাগে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। এসব বিভাগে এখনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব শাখার উপপরিচালক কামাল উদ্দিন ভূঁইয়াকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করতে হচ্ছে। একই অবস্থা অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক সুব্রত কুমার বাহাদুরের ক্ষেত্রেও। তিনিও নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ লোকবল থাকার কথা দুই শতাধিক। প্রশাসনিক ক্ষেত্রে লোক না থাকায় তাঁদের অনেক ধকল পোহাতে হচ্ছে।উপাচার্য মো. আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাড়া পুরোনো সাতটি বিভাগে অধ্যাপক পদে লোক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি নতুন বিভাগগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কর্মকর্তা ও কর্মচারীও শিগগিরই নিয়োগ দেওয়া হবে। শুরুতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও জনবল কম নিয়োগ দেওয়ায় এখন প্রতিষ্ঠানটি লোকবলের সংকটে ভুগছে বলে মন্তব্য করেন তিনি।