বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস: সমস্যা, সম্ভাব্য সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

করোনা মহামারির এই সময়ে লকডাউনে থাকা সারা বিশ্বের মানুষ এখন জীবনের নিরাপত্তার পাশাপাশি জীবিকার সন্ধানেরও উপায় খুঁজছে। ইতিমধ্যে কিছু কিছু দেশ লকডাউন শিথিল করেছে এবং কিছু দেশ তাদের অনুসরণ করতে শুরু করেছে। এ ছাড়া কোনো উপায়ও নেই, কারণ কোভিড-১৯ আক্রমণে বৈশ্বিক অর্থনীতির যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা থেকে দ্রুত উত্তরণ না ঘটাতে পারলে বিপুলসংখ্যক মানুষের জীবনমান দারিদ্র্যসীমার নিচে চলে যাবে, যার পরিণাম হতে পারে ভয়াবহ। এ জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে চালু হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এখনই হয়তো করোনা যাবে না, এটিকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হতে পারে। তাই ঘরে বসে না থেকে শিল্পকারখানা আবারও সচল হচ্ছে, এমনকি ফুটবল–ক্রিকেটের মতো খেলাধুলাও মাঠে গড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এখন আসি শিক্ষা খাতের দিকে। বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করেছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে উচ্চ স্তর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার দিকে লক্ষ করলে স্পষ্টত শ্রেণিবৈষম্য দেখা যায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালু করেছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নেওয়া থেকে এখনো বিরত আছে। এ ক্ষেত্রে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস না হওয়ার পেছনে কয়েকটি সমস্যা উল্লেখ করা হচ্ছে। যেমন: এখানকার অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র, অনলাইনে ক্লাস করার মতো সুবিধা তাঁদের নেই। বিজ্ঞানের ছাত্রদের প্রাকটিক্যাল ক্লাস অনলাইনে অসম্ভব। এ ছাড়া বলা হচ্ছে, এই মহামারিতে জীবন ঝুঁকির মধ্যে। ফলে সবাই মানসিকভাবে বিপর্যস্ত, এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাস করাটা বাড়াবাড়ি ইত্যাদি।

তাহলে সমাধানের পথ কি পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা? আমার মতে, এটা করলে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। বেকারত্ব বেড়ে যাবে, তরুণ ছাত্ররা হতাশাগ্রস্ত হয়ে যাবে, ফলে আত্মহত্যা কিংবা অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। আমার এ আশঙ্কার কারণ হলো, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীরের মতে, সার্স-কোভ-২–এর ভ্যাকসিন যদি ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেও উদ্ভাবন করা সম্ভব হয়, ৭ দশমকি ৫ বিলিয়ন লোকের মধ্যে বিতরণ করতে দুই থেকে তিন বছর সময় লাগবে। ফলে আগামী দুই–তিন বছর করোনার সঙ্গেই বসবাস করতে হবে।

এ পরিস্থিতিতে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা ছাড়া উপায় নেই। আর করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াও হবে ঝুঁকিপূর্ণ। কারণ, হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার চিন্তা করাও অবাস্তব। সহজ ও উপযোগী পন্থা হচ্ছে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। কারণ, প্রায় সব শিক্ষার্থীই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে ক্লাসের রুটিন জেনে নেন, ফলে বলাই যায় তাঁরা সবাই ল্যাপটপ কিংবা স্মার্টফোন ব্যবহার করেন। তা ছাড়া বাণিজ্য ও কলা অনুষদের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস অনেকটাই উপযোগী। তবে শতভাগ কার্যকরী ক্লাস আশা করা উচিত হবে না।

এ ক্ষেত্রে ‘নাই মামার চেয়ে কানা মামাই ভালো’ মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, অনলাইনে ক্লাস করতে যে ইন্টারনেট খরচ, তা শিক্ষার্থীরা বহন করতে পারবেন কি না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় চাইলেই ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারে। আমি নিশ্চিত, অনলাইনে ক্লাসের উপযোগিতা নিয়ে সম্মানিত শিক্ষক সমাজ চিন্তা করছেন। আশা করি, তাঁরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেবেন।

করোনা–পরবর্তী যে ভয়াবহ সংকট অপেক্ষা করছে, তা মোকাবিলায় এখনি পথ খুঁজে বের করাই সঠিক সিদ্ধান্ত হবে। সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এখন সময় ডিজিটাল বাংলাদেশের সার্থকতা প্রমাণের। উপায় থাকতেও বসে থাকলে চলবে না। কারণ, জীবন কারও জন্য থেমে থাকে না।

*লেখক: শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়