বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি চলছে: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কু-রাজনীতি’ চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে শিক্ষক রাজনীতি: উচ্চশিক্ষা অর্জন, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে ছাত্র-শিক্ষকেরা আন্দোলন করতেন দেশের জন্য কিংবা কোনো অধিকার আদায়ের জন্য। তখন এটাকে ছাত্র-শিক্ষক আন্দোলন বলা হতো। কিন্তু এখন বলা হয় ছাত্র বা শিক্ষক রাজনীতি। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি এসে পড়েছে। কিছু শিক্ষক যে এর সঙ্গে জড়িত, সেটিও অস্বীকার করার উপায় নেই।’শিক্ষামন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, ‘বাঙালি জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতীয় কোনো স্বার্থে এক হতে পারি না। ৬২ বছর আগে যে জাতি ভাষার জন্যঅকাতরে প্রাণ দিয়েছে, সেই জাতির অর্ধেক মানুষ এখনো মাতৃভাষার অক্ষরের সঙ্গে পরিচিত নয়, এর চাইতে দুর্ভাগ্যের আর কী হতে পারে!’শিক্ষকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনারা সরকারের কাছে বিভিন্ন দাবি জানান, কিন্তু নিজেরা কিছু করেন না। কীভাবে উচ্চশিক্ষার মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনারা একটি প্রস্তাব নিয়ে আসুন, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ১৯৭৩-এর অধ্যাদেশ যদি শিক্ষক-শিক্ষার্থীদের সহায়ক না হয়, শিক্ষকেরা যদি সম্মিলিতভাবে এর পরিবর্তনের দাবি জানান কিংবা নতুন কোনো রূপরেখা প্রস্তুত করে দেন, তবে অবশ্যই এর পরিবর্তন হতে পারে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, দর্শন বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম ও লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব রনি।সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক সমিতির ত্রৈমাসিক সাময়িকী প্রস্তাব-এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন অতিথিরা।