বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি ও বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান শুরু করা হয়।সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পূর্ব পাশে একটি পরিত্যক্ত ভবন ও এর চারদিকের জঙ্গল, আগাছা ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন সোহরাব আলী। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রসায়ন বিভাগের সভাপতি শামসুল ইসলাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়ক সৈয়দ মোস্তফা জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, রসায়ন বিভাগের শিক্ষকসহ প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গতকাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিন অতিবাহিত হয়।