আর্থিক লেনদেন, দলীয়করণ, বিজ্ঞপ্তির বাইরে মাত্রাতিরিক্ত নিয়োগ, পরীক্ষার ফল প্রভাবিত করাসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক নিয়োগে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়। আটটি বিশ্ববিদ্যালয়ে এই পদে নিয়োগে ৩ লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, যোগ্যতায় ঘাটতি থাকা প্রার্থীদের নিয়োগ দেওয়ায় শিক্ষার গুণগত মান হ্রাস পাচ্ছে। প্রতিবেদনে উন্নত দেশে শিক্ষক নিয়োগের মতো পূর্ণাঙ্গ নীতিমালা করা, উপাচার্য ও সহ–উপাচার্য নিয়োগে বিধিমালা প্রণয়নসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য তুলে ধরেন টিআইবির দুই গবেষক দিপু রায় ও রেযাউল করিম। ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টি নিয়ে এই গবেষণা করা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। ২০০১ সাল থেকে চলতি বছরের ঘটনাগুলো নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। তবে টিআইবির ‘নীতি অনুযায়ী’ বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটি একটি গুণগত গবেষণা। এর ভিত্তিতে সাধারণীকরণ করা যাবে না। তবে সার্বিক চিত্রটি হতাশাব্যঞ্জক ও উদ্বেগজনক।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রথম আলোকে বলেন, টিআইবি যদি অভিযোগগুলো মন্ত্রণালয়ে জমা দেয় এবং মন্ত্রণালয় নির্দেশ দিলে ইউজিসি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে পারে। ইউজিসির এর বাইরে কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে নীতিমালা তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রতিবেদনে বলা হয়, নিয়োগের আগে ইচ্ছামাফিক চাহিদা তৈরি হয়। সিন্ডিকেটে ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠ থাকায় ইচ্ছা অনুযায়ী নিয়োগের যোগ্যতা নির্ধারণ করার সুযোগ বিদ্যমান। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বোর্ডে উপাচার্য বা সহ–উপাচার্যের পছন্দের বিশেষজ্ঞ নেওয়া হয়।
অনিয়মের চিত্র তুলে ধরে বলা হয়, কোনো কোনো শিক্ষক পছন্দের শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষার ফল প্রভাবিত করেন এবং পরবর্তী সময়ে তাঁরাই নিয়োগ পান। বাজার করাসহ ব্যক্তিগত কাজে ব্যবহার করার বিনিময়ে আগে থেকেই একাডেমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। ক্ষেত্রবিশেষে নারী শিক্ষার্থীর একাংশের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষার আগে প্রশ্ন জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রয়োজন যাচাই না করেই ক্ষমতাসীন রাজনৈতিক মতাদর্শের অনুসারী বা ‘ভোটার’ বাড়াতে নতুন বিভাগ বা ইনস্টিটিউট ও এক বিভাগ ভেঙে একাধিক বিভাগ খোলা হয়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টিতে নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞপ্তির অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে।
নিয়োগে ক্ষমতাসীন দলের মন্ত্রী, সাংসদ, প্রভাবশালী শিক্ষক, ছাত্রনেতা ও স্থানীয় নেতা উপাচার্য, সহ–উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তার করেন। তবে প্রার্থী স্বজন হলে রাজনৈতিক মতাদর্শ গুরুত্ব পায় না। একজন উপাচার্য তাঁর সন্তানকে নিয়োগ দিতে দুজনের স্থলে পাঁচজনকে নিয়োগ দেন।
আর্থিক লেনদেনের অভিযোগের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, একটি ঘটনায় নিয়োগসংশ্লিষ্ট একজন শিক্ষক প্রার্থীকে চাকরি দেওয়ার বিনিময় প্রসঙ্গে বলেন, ‘আমার কিছু লোন আছে, ওই লোন তুমি শোধ করে দিলে আমার ও তোমার দুজনেরই উপকার হবে।’ উপাচার্য, শিক্ষকনেতা, ক্ষমতাসীন দলের নেতা ও জনপ্রতিনিধিদের একাংশের লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।
সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘আমার অভিজ্ঞতা বলছে, যে চিত্র তুলে ধরা হয়েছে তা বাস্তব। কত শতাংশ তা বিচার করছি না। উচ্চ মেধাসম্পন্ন একজনকে বাদ দিয়ে নিম্ন মেধার একজন শিক্ষক হিসেবে নিয়োগ পেলে ওই বিশ্ববিদ্যালয়কে তিনি ৪০ বছর শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করবেন। তাই এ ধরনের একটি ঘটনাও মানতে চাই না।’