বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কি দিতে পারবেন তাঁরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম

তীব্র প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দুই শিক্ষার্থী। অন্যের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য থাকা ও খাওয়ার ব্যয় বহন করার সামর্থ্য নেই তাঁদের পরিবারের।

ওই দুই শিক্ষার্থী হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ নয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম ও তারাগঞ্জ উপজেলার বরাতি মেম্বারপাড়া গ্রামের অচকুরুনী ইসলাম। আরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে মেধাতালিকায় ৮২০তম স্থান পেয়ে সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে ভর্তি হয়েছেন। আর অচকুরুনী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে মেধাতালিকায় ১৮৩তম স্থান পেয়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন। আরিফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধাতালিকায় ১০৫৩তম স্থান অধিকার করেছিলেন।

আরিফুলের বাবা আবদুর রাজ্জাক দিনমজুরের কাজ করেন। মা গৃহিণী। বড় তিন বোনের বিয়ে হয়েছে। তবে তাঁদের কেউই এসএসসির গণ্ডি পেরোতে পারেননি। আরিফুল নিজে দিনমজুরি ও টিউশনি করে এত দিন পড়াশোনার খরচ চালিয়েছেন। অর্থাভাবে বিশ্ববিদ্যালয় ভর্তির কোনো কোচিং তিনি করতে পারেননি। তাঁদের সম্পদ বলতে মাত্র ১২ কাঠা আবাদি জমি ও মাটির দুটি কাঁচা ঘর। উপজেলার আজাদ শালবাড়ি উচ্চবিদ্যালয় থেকে তিনি এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং বদরগঞ্জ লালদীঘি পীরপাল ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে মানবিকে জিপিএ-৪.৭৫ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, যাতায়াতসহ তাঁর মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এর মধ্যে পাঁচ হাজার টাকা স্থানীয় এক ব্যক্তি তাঁকে সহযোগিতা করেছেন। বাকি টাকা ধার করেছেন।

আরিফুল বলেন, ‘অনেক কষ্ট করে এত দূর এসেছি। টাকার অভাবে অনেক সময় খেতে পারিনি। প্রাইভেট পড়িনি। পড়ার টেবিল-চেয়ার নেই। অসুখে ওষুধ কিনে খেতে পারিনি। বাড়ি থেকে পড়তে পারলে দুশ্চিন্তা করতাম না। আগের মতো দিনমজুরি ও টিউশনি করে পড়াশোনার খরচ চালাতাম। কিন্তু ঢাকা শহরে গিয়ে হঠাৎ টিউশনি বা অন্য কোনো কাজও পাওয়া যাবে না। ২৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। সেখানে গিয়ে থাকা-খাওয়ার টাকা পাব কোথায়, সেই চিন্তায় ঘুমাতেও পারছি না।’

আরিফুলের বাবা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার নিজের সংসার চলে না। অনেক কষ্টে দিন চলছে। আরিফুলকে দোয়া দেওয়া ছাড়া টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। ছেলেটা রাত জেগে পড়াশোনা করে।’

মা আতেফা বেগম বলেন, ‘ছইলটার (আরিফুলের) মাথা খুব ভালো। খায়া না খায়া আছিল, তাও পড়া ছাড়ে নাই। কষ্ট করি ঢাকাত ভত্তি হইচে। অ্যালা স্যাটেকোনা যায়া থাকার টাকা, খাবার টাকা পাইবে কোনটে, সেই চিন্তায় ছইলটা শুকি গেইচে।’

এদিকে অচকুরুনীর বাবা মোবারক হোসেন বয়সের ভারে আর কোনো কাজকর্ম করতে পারেন না। একসময় দিনমজুরের কাজ করতেন। মা মেরিনা বেগম অন্যের খেতে শ্রমিকের কাজ করে সংসারের ঘানি টানছেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে অচকুরুনী সবার ছোট। এক বোন নিজের চেষ্টায় রংপুর সরকারি কলেজে স্নাতকে শ্রেণিতে পড়াশোনা করছেন। অন্যরা কেউ এসএসসির গণ্ডি পেরোতে পারেননি। তিন বোনের বিয়ে হয়েছে। তাঁদের আবাদি জমি ৩৫ শতক। অচকুরুনী টিউশনি করে এত দিন নিজের লেখাপড়ার খরচ চালিয়েছেন।

অচকুরুনী ইসলাম
অচকুরুনী ইসলাম

অচকুরুনী ২০১৪ সালে উপজেলার বরাতি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৬৯ ও ২০১৬ সালে রংপুর সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.১৭ পান। এবার তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে মেধাতালিকায় ১৮৩তম স্থান পেয়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাঁর প্রায় সাড়ে ৯ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৫ হাজার টাকা ঋণ নিয়েছেন। আর বাড়িতে পোষা দুটি ছাগল বিক্রি করে বাকি টাকা জোগাড় করেছেন। এখন রংপুর শহরে থেকে মেস ভাড়া ও খাওয়া খরচ বাবদ প্রতি মাসে তাঁর অন্তত ৩ হাজার টাকা করে লাগবে। এই টাকার কোনো ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন অচকুরুনী।

অচকুরনী বলেন, ‘অনেক কষ্টে পড়াশোনা করে এত দূর এসেছি। ভার্সিটিতে পড়তে-খাইতে, মেস ভাড়াসহ প্রতি মাসে তিন হাজার টাকা দরকার। এই টাকা জোগাড় করার আপাতত কোনো উপায় নেই। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু। তার আগে মেসে উঠতে হবে। খুব চিন্তায় আছি। টাকার অভাবে আমার পড়াশোনা কি বন্ধ হয়ে যাবে স্যার?’

অচকুরুনীর মা মেরিনা বেগম বলেন, ‘ছাওয়াটা এবার ভার্সিটিত চাজ (চান্স) পাইছে। পাঁচ হাজার টাকা ঋণ নিয়া আর বাড়ির পোষা ছাগল দুইটা বেচেয়া ছাওয়াটাক ভর্তি করাচু। ধার করা পাঁচ হাজার টাকা এ্যালাও শোধ দিবার পাও নাই। ছাওয়াটা কওচে মাসে পড়তে নাকি তিন হাজার টাকা নাগবে। মোর তো ২০০ টাকা দিবারও উপায় নাই। টাকার জন্যে ছাওয়াটার মোর পড়া করা বুজিক হবার নেয়।’

এই চরম প্রতিযোগিতায় অনেকেই হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগটাই পান না। আর আরিফুল ও অচকুরুনী ভর্তি হয়েও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কি না, সেই শঙ্কায় আছেন। এই অল্প কিছু অর্থের সংস্থান হলে হয়তো এই দুই শিক্ষার্থী একটু নিশ্চিন্তে একটু নির্ভার হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চুকিয়ে ফেলতে পারবেন। পরে হয়তো এই শিক্ষাকে কাজে লাগিয়ে তাঁরাই ধরবেন পরিবারের হাল। তাঁরাই হয়তো হতে পারবেন দেশের বড় কোনো কর্মকর্তা।

চাইলে যে-কেউ আরিফুল ও অচকুরুনীকে সহযোগিতা পাঠাতে পারবেন।

আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য বিকাশ নম্বর ০১৭৭৪৫৬৫৭০২, ডাচ্‌-বাংলা ব্যাংক হিসাব নম্বর ০১৭৭৪৫৬৫৭০২-৮।
অচকুরুনী ইসলামের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার জন্য বিকাশ নম্বর ০১৭৬৭১৭২১১৫।