বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও চিন্তা

দুজনই দরিদ্র পরিবারের সন্তান। অনেক বাধা পেরিয়ে তাঁরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছেন। তবে ভর্তি ফি ও বই কেনার টাকা জোগাড় করা নিয়ে তাঁরা দুজনই দুশ্চিন্তায় আছেন।
এ দুই কৃতী শিক্ষার্থী হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরের তারেক আহমদ ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরের নৌশিন তাবাসসুম সুবর্ণা। তারেক এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায়‘খ’ ইউনিটের মেধাতালিকায় ১২৩ নম্বর স্থান অর্জন করেছেন। আর নৌশিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ৪৯তম স্থান অর্জন করেছেন।
তারেক আহমদের বাবা মো. সিরাজ মিয়া কমলগঞ্জের চা-বাগান এলাকা থেকে এক-দুই কেজি করে চা-পাতা কিনে বাজারে বিক্রি করেন। এ থেকে যে লাভ করেন তা দিয়ে দুই মেয়ে ও এক ছেলেসহ পাঁচজনের সংসার কোনো রকমে চালাচ্ছেন। তারেক এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সুজা মেমোরিয়াল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেন। তাঁর ছোট বোন একই কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে।
তারেক আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু ভর্তি ফিসহ বইপত্র কেনার টাকার ব্যবস্থা কীভাবে হবে তা নিয়ে চিন্তায় আছি। আগামী ১ ডিসেম্বর আমাকে ভর্তি হতে হবে।’
শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম মুর্শেদুর রহমান বলেন, জীবনের এ পর্যায়ে এসে তারেক যেন ঝরে না পড়ে, সে জন্য সবার এগিয়ে আসা উচিত।
গত শুক্রবার কুতুবপুরের বাড়িতে গেলে নৌশিন তাবাসসুম বলেন, সংসারে একমাত্র উপার্জনক্ষম তাঁর বাবা পেশায় দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়। ছোট বোন সাবিহা তাবাসসুম শহীদ স্মৃতি বিদ্যাপীঠে তৃতীয় এবং ভাই আবদুল আওয়াল দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। তারাও পড়ালেখায় ভালো। কিন্তু সংসার ও তাদের লেখাপড়ার খরচ জোগাতে তাঁর বাবাকে হিমশিম খেতে হচ্ছে।
স্বপ্নপূরণের কথা বলতে বলতে নৌশিনের চোখে-মুখে অনিশ্চয়তার ছাপ ফুটে ওঠে। তিনি বলেন, ‘শিক্ষকদের সহযোগিতায় অনেক কষ্টে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। আমার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হওয়া।’