বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকালে একদফা অবরোধের পর দুপুরে আবারও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ শনিবার সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন শতাধিক শিক্ষার্থী। তারা গতকাল রাজশাহী নগরের একটি হোটেলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমানের লাশ উদ্ধার এবং আজ শনিবার সকালে রেজাউল করিম হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
পরে আবার বেলা সোয়া একটা থেকে মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে বক্তব্য দেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
হত্যার প্রতিবাদে আজ দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক সমিতি। এতে সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, একের পর এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা হচ্ছে। অথচ তাদের কোনো বিচার হচ্ছে না। শিক্ষকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না। বক্তারা প্রশ্ন রেখে বলেন, ‘আমরা শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা করি সেটাই কী আমাদের অপরাধ?’ একের পর এক শিক্ষক হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীদের বিচারের দাবি জানান তারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু জানান, আগামীকাল রোববারও ক্লাস বর্জন কর্মসূচি চলবে। কাল সকাল ১০টায় ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করবে শিক্ষক সমিতি। এ ছাড়া আজ সন্ধ্যা সাতটায় সমিতির জরুরি সাধারণ সভায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।