বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুদের জন্য অনুষ্ঠান
রংপুরের বদরগঞ্জের লালদীঘি পীরপাল কলেজ মাঠে গত বুধবার এক ব্যতিক্রধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চলতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। লালদীঘি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল এ অনুষ্ঠানের আয়োজক। সংগঠনটির সহসভাপতি শাহ্জালাল বলেন, প্রতিবছর ঈদুল ফিতরের তৃতীয় দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু উপজেলার শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা উপকৃত হন।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবদুর রউফ সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার ও শিক্ষানুরাগী মশিউর রহমান। উপস্থিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি, গোলাম মোস্তফা, শাহনাজ পারভীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশরাফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেনহাজুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউসুফ আলী, চুয়েটের আবু সুফিয়ান, ময়মনসিংহ মেডিকেল কলেজের আবু সায়েম।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের। তিনি বলেন, ‘আমি ভ্যানচালকের ছেলে হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছি। আমার বাবা রিকশাভ্যানের চালক, এটা আমার গর্ব। তোমাদের একাগ্রচিত্তে পড়াশোনা করতে হবে। আমার চেয়েও বড় হতে হবে। গরিব বলে দমে গেলে চলবে না। একমাত্র ইচ্ছাশক্তিই মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।’