বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ঝামেলায় দুই দৃষ্টিপ্রতিবন্ধী
নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসএসসি ও এইচএসসি পাস করেছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী ইকবাল হোসেন ও রাসেল হাওলাদার। কিন্তু উচ্চশিক্ষায় ভর্তির জন্য একাধিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে ঝামেলায় পড়েছেন তাঁরা। অভিযোগ করেছেন, তাঁরা এসএসসি পাস করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু অনলাইনে আবেদন করার সময় তাঁরা দেখতে পান, এসএসসি পাসের বোর্ডের নির্ধারিত ছক পূরণের সময় ‘সঠিক নয়’ লেখা আসছে। ফলে আবেদন গৃহীত হচ্ছে না।
এই দুই যুবক এইচএসসি পাস করেছেন ঢাকা কলেজ থেকে। এখন উচ্চশিক্ষায় ভর্তি প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরছেন। বিশ্ববিদ্যালয়গুলো জানাচ্ছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের ফলাফল-সংক্রান্ত তথ্য সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সঙ্গে সংযুক্ত করেনি। ফলে অনলাইনে তাঁদের আবেদন গ্রহণ করা হচ্ছে না। আবেদনের সময় ফুরিয়ে যাচ্ছে।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক নোমান আলম প্রথম আলোকে বলেছেন, শিক্ষার্থীদের ফলাফল-সংক্রান্ত তথ্য বোর্ডগুলোর কেন্দ্রীয় তথ্যভান্ডারে দেওয়া আছে।
ইকবাল হোসেন বলেন, তিনি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ফল পাননি। ইকবালের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। অন্যজনের ময়মনসিংহের ত্রিশালে। কয়েক দিন আগে তাঁরা প্রথম আলোর কার্যালয়ে এসে সমস্যার কথা জানান।
পরে ফোনে ইকবাল হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, নানা চেষ্টার পর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মতো সনদের সমতা দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করেছে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিছু করছে না।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁর কাছে গেলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।