বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন সুরাইয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাইয়া আক্তার
সুরাইয়া আক্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন নেত্রকোনার সুরাইয়া আক্তার। তবে টাকার অভাবে ভর্তি হতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় আছেন এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া এ শিক্ষার্থী।
সুরাইয়ার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায়। বাবা স্বপন সরদার হোমিও চিকিৎসক। শহরের তেরিবাজার এলাকায় ছোট একটি ভাড়া দোকানে বসেন তিনি। সুরাইয়ার মা সালমা খাতুন গৃহিণী।
পরিবার সূত্রে জানা যায়, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সুরাইয়া সবার বড়। বোন সুমাইয়া আক্তার ষষ্ঠ শ্রেণিতে আর ভাই মাহিম দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বছরখানেক ধরে মাহিম কিডনি রোগে ভুগছে। টাকার অভাবে ঠিকমতো তার চিকিৎসাও হচ্ছে না। এর মধ্যে সুরাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ার সুযোগ পেয়েছেন। এই খবরে পরিবারটি একদিকে আনন্দিত, অন্যদিকে দুশ্চিন্তাগ্রস্তও।

স্বপন সরদার বলেন, ‘আমি একজন সামান্য হোমিও চিকিৎসক। যা রোজগার করি তা দিয়েই কোনোরকমে সংসার চালাই। সন্তানদের পড়াশোনার পাশাপাশি ছেলেটার চিকিৎসাও চালাতে হয়। মেয়েটি আমার খুব কষ্ট করে এ পর্যন্ত উঠেছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালানোর টাকা কোথা থেকে পাব, তা ভেবে পাচ্ছি না।’

সুরাইয়া টিউশনি করে এ পর্যন্ত এগিয়েছেন। ২০১৪ সালে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পান। এ বছর দুর্গাপুরের সুসং ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন।

সুরাইয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব আগ্রহ ছিল। সেই সুযোগও এসেছে। কাল রোববার থেকে ভর্তি শুরু হচ্ছে; ২৯ নভেম্বরের মধ্যেই ভর্তি হতে হবে। কিন্তু তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালানোর ক্ষমতা পরিবারের নেই।