বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে টাকাই বারবার বাধা হারুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছেন হারুন। কিন্তু টাকার অভাবে কোনোটিতেই তিনি ভর্তি হতে পারেননি। এখন শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তাঁর। টাকা জোগাড় না হওয়ায় তা-ও অনিশ্চিত।

তীব্র জীবনযুদ্ধের ভেতর দিয়ে পড়াশোনা চালিয়ে এত দূর এসে থমকে গেছেন হারুন অর রশিদ। এখন অর্থের অভাবে অনিশ্চিত তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন।

হারুনের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। বাবা এজাব আলী পেশায় দিনমজুর ছিলেন, বর্তমানে অসুস্থ। মা রওশন আরা কৃষিশ্রমিক। তিন ভাই ও দুই বোনের মধ্যে হারুন দ্বিতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন পড়ে একাদশ শ্রেণিতে।

বাবা ও মায়ের দিনমজুরির উপার্জন দিয়ে সাতজনের সংসার চলত। বাবা এজাব আলী অসুস্থ হয়ে পড়লে হারুনের ছোট ভাই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়। বর্তমানে সে হোটেলশ্রমিকের কাজ করে। নিজেদের জমি নেই। অন্যের জমিতে দুটি শণের ঘরে তুলে পরিবারটি বাস করে আসছে।

বাবা অসুস্থ হওয়ার পর একপর্যায়ে সংসারের হাল ধরেন হারুন। এলাকায় তিনি নির্মাণশ্রমিকের কাজ করেন। এই তীব্র জীবনযুদ্ধের ভেতরেই পড়াশোনা চালিয়ে তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান। এরপর হারুন ওই চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং সব কটিতেই ভর্তির সুযোগ পান।

হারুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে মেধাতালিকায় ১৬৩তম স্থান পান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের মেধাতালিকায় ১২০তম ও ‘ডি’ ইউনিটে ২৪তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটে মেধাতালিকায় তিনি ২২তম স্থান লাভ করেন। এ ছাড়া রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে মেধাতালিকায় ১৮তম ও ‘সি’ ইউনিটে ২২তম স্থান লাভ করেন। টাকার অভাবে কোনো বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত তিনি ভর্তি হতে পারেননি। এখন শুধু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তাঁর।

হারুন ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় পাটগ্রামের ভান্ডারদহ জনতা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান। এসএসসির পর তিনি দিনমজুরিসহ নির্মাণশ্রমিকের কাজ করেন তিনি। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় তিনি স্থানীয় ডিগ্রি কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান তিনি।

সম্প্রতি হারুনের বাড়িতে গেলে তাঁর মা রওশন আরা বলেন, ‘বেটার বাপের (বাবা) অসুখ। এখন বিছানায়।...এলা শুনুনু মেলা টাকা নাগে। অত টাকাতো হামার নাই। লেখাপড়া করিবে কেমন করি। এখন দিনমজুরিরও কোনো কাজকাম নাই। বড় কলেজে (বিশ্ববিদ্যালয়) ভর্তির টাকা কোথায় পাবো—তাই মনোত ঘুরেছে। মনাত ভাবিয়াও পাওছোনা কি করিম এলা।’

অসুস্থ এজাব আলী বলেন, ‘ছেলে পরীক্ষায় কি পায় পাউক। দিনমজুরের আবার লেখাপড়া!’ তিনি বলেন, তাঁর জমিজমা বলতে কিছুই নেই। একদিকে সংসারের খরচ, অন্যদিকে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয়ভার জোগান দেওয়া অসুস্থ হওয়ার পর থেকেই তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে প্রভাষক আশিফ ইকবাল বলেন, দিনমজুর পরিবারের ছেলে হয়েও হারুনের মেধা অসাধারণ। পড়াশোনার জন্য তাঁর আর্থিক সহায়তার ব্যবস্থা করতে সমাজের হৃদয়বান মানুষের এগিয়ে আসা উচিত।