বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ পরিবর্তন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে।গতকাল বুধবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘এ’ ইউনিটের ১৩ ও ১৫ ডিসেম্বরের ভর্তির (সাক্ষাৎকার) তারিখ পরিবর্তন করে যথাক্রমে ১৫ ও ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu থেকে জানা যাবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের (২০১২-১৩) প্রথম বর্ষে ভর্তি ১৮ ডিসেম্বরের পরিবর্তে ৬ জানুয়ারি এবং অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০ ডিসেম্বরের পরিবর্তে ৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভর্তি কমিটি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভূঞা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।