বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অচলাবস্থার দ্রুত নিরসন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কবে নাগাদ সমস্যার সমাধান হবে, আবার ক্লাস শুরু হবে, সে নিশ্চয়তা না থাকায় সেশনজটের আশঙ্কা করছেন তাঁরা। শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানালেও কর্মবিরতির মতো কর্মসূচিকে সমর্থন করছেন না শিক্ষার্থীদের অনেকে।
অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের দাবিতে গত এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এখনো দাবি পূরণে সরকারের তরফ থেকে শিক্ষকেরা কোনো সাড়া পাননি।
বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ে ১২ হাজারের বেশি শিক্ষক ও প্রায় দুই লাখ ৪০ হাজার শিক্ষার্থী রয়েছেন। গত ১১ জানুয়ারি থেকে শিক্ষকেরা লাগাতার কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকদের এই আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। চারুকলার শিক্ষার্থী রফিকুন্নবী প্রথম আলোকে বলেন, এমনিতেই তাঁদের অনুষদে সেশন জট আছে। শিক্ষকদের এই কর্মবিরতির ফলে সেশনজট আরও বাড়তে পারে। তাঁর মতে, শিক্ষকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা আছে। কিন্তু তাঁর প্রশ্ন, পড়ালেখা বন্ধ করে কেন? তিনি দ্রুত ক্লাসে ফিরতে চান।
বাংলা বিভাগের শিক্ষার্থী আজিজুল হক চান, দ্রুত শিক্ষকদের সমস্যার সমাধান হোক। সরকার ও শিক্ষকেরা একসঙ্গে বসে সমস্যা সমাধান করবে বলে তিনি আশা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে এ বছর ভর্তি হয়েছেন কাশফিয়া হোসেন। তাঁদের শুধু পরিচিতি ক্লাস হয়েছে। শিক্ষকদের কর্মসূচির কারণে নিয়মিত ক্লাস এখনো শুরু হয়নি। তারপরও তিনি প্রায় প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কি করব বুঝতে পারছি না। চাই, দ্রুত সমাধান হোক।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছোটন দেবনাথ মনে করেন, সরকার ও শিক্ষক দুই পক্ষই অনড় থাকলে কোনো সমাধান হবে না। তাঁর পরামর্শ, কাউকে না কাউকে ছাড় দিতে হবে। তবে শিক্ষকদের মর্যাদা সবার ওপরে হওয়া উচিত বলে তিনি মনে করেন।
নবীন খান নামের আরেক শিক্ষার্থী বলেন, পত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন শিক্ষকেরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন না। তিনি মনে করেন, প্রধানমন্ত্রীর উচিত শিক্ষকদের সঙ্গে কথা বলা।
শিক্ষকেরা কর্মবিরতিতে যাওয়ায় শিক্ষার্থীদের অনেকে ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন। তবে যাদের সামনে পরীক্ষা বা টিউশনি আছে—এমন অনেকে হলে আছেন।