বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার ক্যাম্পাসে দুই ঘণ্টার কর্মবিরতি, প্রতীকী অনশন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল গণিকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির দুই সদস্য হলেন রসায়ন বিভাগের অধ্যাপক এস এম সাইফুল ইসলাম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক মো. শহীদুর রহমান। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় রোববার দুপুরে জরুরি সাধারণ সভা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’-এর বর্ধিত অংশের গ্যালারিতে সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামলের সভাপতিত্বে এ সভা হয়। সভায় দ্রুততম সময়ে হামলাকারীর শাস্তি ও হামলাকারী চক্রকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের আওতায় আনা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শক্তিশালী তদন্ত কমিটি গঠন, ক্যাম্পাসে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ এবং সবার নিরাপত্তাব্যবস্থা জোরদারের নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

এ ছাড়া সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবন-২-এর সামনে কালো ব্যাজ ধারণ, প্রতীকী অবস্থান এবং কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক জহীর উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।