বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার রহিমা খাতুন ওরফে রুমা (২৪) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
রহিমা খাতুন কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-৪ ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রহিমা ও কামরুল ইসলাম ওরফে সজীব (২৪) গতকাল সন্ধ্যা সাতটার দিকে একটি অটোরিকশা নিয়ে শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। শহরের বটতলী এলাকায় একটি ট্রাক্টর তাঁদের বহনকারী অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা নিহত ও কামরুল গুরুতর আহত হন। পরে কামরুলকে স্থানীয় লোকজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আমির আলী বলেন, কামরুলের ডান পা ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, ওই ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।
এদিকে এলাকার কয়েকজন বাসিন্দা ও ঘোড়াঘাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের লালবাগ মহল্লার বাসিন্দা অটোরিকশাচালক মেহেদুল ইসলাম (৫২) অটোরিকশা নিয়ে ঘোড়াঘাট থেকে ওসমানপুর যাচ্ছিলেন। পথে গতকাল সকাল নয়টার দিকে নিতাইশাহ পুকুরের কাছে একটি ট্রাক তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদুল নিহত ও অটোরিকশাযাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন।