বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সব কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। এ দাবিতে গতকাল বুধবার সংগঠন দুটি রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বেলা ১১টায় সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বেহাল রেখে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা সরকারের একটি ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখতে ছাত্র-যুবকেরা প্রয়োজনে রক্ত দেবে। বক্তারা বলেন, পার্বত্যচুক্তি যথাযথ বাস্তবায়ন না করা পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পুলক চাকমা, রাঙামাটি জেলার সভাপতি জয়েস চাকমা।