বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরের শেখঘাট এলাকায় নিজের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, লাশটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। এ কারণে তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, হরতালের কারণে গতকাল নর্থইস্ট ইউনিভার্সিটি খোলা ছিল। সকালে মোহাম্মদ আবদুল্লাহ কর্মস্থলে না যাওয়ায় সহকর্মীরা তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেন। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তিন কর্মকর্তা শেখঘাট এলাকায় ওই বাসায় যান। কিছুক্ষণ কলবেল টিপেও কোনো সাড়া না পেয়ে তাঁরা ফিরে যান। বেলা একটার দিকে পুলিশ নিয়ে দ্বিতীয় দফায় ওই বাসায় যান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। তাঁরা জানালার ভেতর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় এক উপপরিদর্শক (এসআই) বিষয়টি পুলিশের পদস্থ কর্মকর্তাদের জানান। এই পর্যায়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। সিআইডির বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।সিআইডি সূত্র জানায়, কক্ষটি বাইরে থেকে তালা দিয়ে রাখায় ধারণা করা হচ্ছে যে ওই বাসায় রাতে কেউ ছিল। হত্যাকাণ্ডের পর লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে কক্ষে তালা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পুলিশকে ভাড়া বাসার মালিক, পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন সিআইডির সদস্যরা।ওই ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা আরিফ ইকবাল জানান, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ রাশিয়ায় পড়াশোনা করেছেন। সেখানে জাপানের এক নাগরিককে তিনি বিয়ে করেন। তাঁর দুই সন্তানসহ স্ত্রী জাপানে বসবাস করেন।