বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে ককটেল-গান পাউডার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরের বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ১৭টি ককটেল, ২০টি কাচের খালি বোতল ও গান পাউডার, মারবেলসহ আধা কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে লালবাগ থানার পুলিশ। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

স্টাফ কোয়ার্টারের এই ফ্ল্যাটে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের নিরাপত্তা কর্মচারী খোরশেদ আলম। তবে তিনি আড়াই মাস আগে অন্যত্র চলে যান। তিনি ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর থেকে তা খালি পড়ে আছে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মচারী বিশু চন্দ্র দাস এই ফ্ল্যাটের বরাদ্দ পান। তিনি আজ রোববার সকালে ফ্ল্যাটে গিয়ে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম দেখতে পেয়ে লালবাগ থানার পুলিশকে জানান। পুলিশ সেখানে গিয়ে  সরঞ্জামগুলো উদ্ধার করে। তবে কাউকে আটক করা যায়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন প্রথম আলো ডটকমকে জানান, ওই ফ্ল্যাটে পুরোনো একটি তালা লাগানো ছিল। হয়তো সেটা ভেঙে কেউ সরঞ্জামগুলো রেখে গিয়েছিল। যে সরঞ্জাম পাওয়া গেছে, তা দিয়ে প্রায় ১০০টির মতো বোমা বানানো সম্ভব।