বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপহূত, আট লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বিহারী মোড় থেকে গত সোমবার সন্ধ্যায় সুমন ব্যানার্জি নামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এরপর মুঠোফোনে তারা ওই ছাত্রের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। জানা গেছে, সুমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যান্ড ফিশারিজ বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের মৃত সুকুমার ব্যানার্জির একমাত্র ছেলে। সুমনের কাকা শ্যামসুন্দর ব্যানার্জি জানান, সুমন প্রতিদিনের মতো সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান। বিকেলে কালীগঞ্জ শহরে ফিরে প্রাইভেট পড়ানোর কাজ শেষ করে এক বন্ধুর খোঁজে শহরের বিহারী মোড়ে যান। সাড়ে ছয়টার দিকে তাঁর সঙ্গে সুমনের শেষ কথা হয়েছে। এর পর থেকে সুমন নিখোঁজ হন। ওই রাতে সুমনের ভাগিনা উজ্জ্বলের মুঠোফোনে কথা বলেছে সন্ত্রাসীরা। ওই মুঠোফোনে তারা আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই টাকা না দিলে সুমনকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি থানা-পুলিশ করলেও ক্ষতি হবে বলে জানিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকেল চারটা পর্যন্ত সুমনের কোনো খোঁজ মেলেনি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান বলেন, ‘সুমন ব্যানার্জি নিখোঁজ হয়েছে বলে তার কাকা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা সুমনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’