বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের ছাত্র অমিত সাহা হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন আশফাক আহমেদ ওরফে শিহাব ও আল-আমিন ইসলাম। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন রুহুল আমিন ওরফে রুবেল। এ ছাড়া আদালত আশফাক আহমেদ, আল-আমিন ও রুহুল আমিনকে দণ্ডবিধির ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আশফাক আহমেদ নিহত অমিত সাহার সহপাঠী ও বন্ধু। আল-আমিন ও রুহুল আমিন আসামি আশফাকের বন্ধু ছিলেন।
২০১২ সালের ২১ নভেম্বর অমিত সাহাকে রাজধানীর পল্লবীতে তাঁদের ভাড়া বাসায় হত্যা করা হয়। হত্যার পর তাঁর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় অমিতের বাবা শ্যামল চন্দ্র পল্লবী থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৯ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ২৪ জুলাই এ মামলার অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ২১ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া।