রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল ভোরে মিরপুর বেড়িবাঁধ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি ও গত মঙ্গলবার রাতে বনশ্রী আবাসিক এলাকার একটি বাসার নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গতকাল সকালে চন্দ্রিমা উদ্যানের গণশৌচাগারের পাশ থেকে শামীম হাসানের (২২) লাশ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ফার্মেসি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তাঁর কণ্ঠনালি কাটা ছিল। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, ওই ছাত্রের মুঠোফোনটি পাওয়া যায়নি, মানিব্যাগ পাওয়া গেছে। পল্লবী থানার পুলিশ জানায়, মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার লাশের পরিচয় পাওয়া যায়নি। তাঁর সাদা রঙের সোয়েটার এবং কালো প্যান্ট ছিল। এদিকে খিলগাঁও থানার পুলিশ জানায়, বনশ্রীর ‘ই’ ব্লকের ৫ নম্বর সড়কের একটি বাড়ির ময়লার ট্যাংক থেকে ওই বাড়ির নিরাপত্তাকর্মী সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।