বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে গতকাল শনিবার দুপুরে শামীম আহমেদ (২৯) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীম স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী শাখার এমবিএর ছাত্র ছিলেন।পরিবারের অভিযোগ, শামীমকে খুন করেছেন তাঁর খালাতো বোনের স্বামী হাফিজ আল আহাদ। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে হাফিজ পলাতক। এ ঘটনায় হাফিজের স্ত্রী মোছাম্মৎ পলিকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে গতকাল নিউ ইস্কাটন রোডের বহুতল ভবনের তৃতীয় তলায় নামাজ পড়ার স্থান থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর কাঁধে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। ওই ভবনের একটি ফ্ল্যাটে এক সন্তান নিয়ে থাকেন শামীমের খালাতো বোন পলি ও তাঁর স্বামী হাফিজ। লাশ উদ্ধারের সময় পলিকে পাওয়া গেলেও হাফিজ সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।শামীমের খালাতো ভাই সৈকত হাবীব প্রথম আলোকে বলেন, শামীম রামপুরা বনশ্রী এলাকায় এক বাসায় থাকতেন। হাফিজের এক ভাগনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্য এক জায়গায় ওই মেয়ের বিয়ে ঠিক হয়। এ নিয়ে শামীমের সঙ্গে হাফিজসহ মেয়েপক্ষের কয়েকজনের ঝামেলা চলছিল। এরই জেরে হাফিজ বাসায় ডেকে শামীমকে খুন করেছেন বলে অভিযোগ করেন হাবীব।রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলি এটি আত্মহত্যা বলে দাবি করেছেন। তবে ছুরিকাঘাতের ধরন দেখে এটি খুন বলেই মনে হচ্ছে।নিহত শামীমের গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাদ্দারপুর গ্রামে। বাবা শাহ আলম। দুই ভাইয়ের মধ্যে শামীম ছিলেন ছোট। গতকাল রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল।