বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছুরিকাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে ছিনতাইকারীরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম আজিজুল হক। তিনি পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, আজিজুল তাঁর গ্রামের বাড়ি পাবনা থেকে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাস থেকে নামার পর তিনি এবং তাঁর সঙ্গে থাকা একই বিশ্ববিদ্যালয়ে দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সড়ক পারাপারের পদচারী সেতু দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় তিন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। একপর্যায়ে তারা ছুরির ভয় দেখালে দুই শিক্ষার্থী তাঁদের মুঠোফোন সেট ও নগদ টাকা তাদের দিয়ে দেন। কিন্তু আজিজুল তাঁর দুটি মুঠোফোন ও নগদ ১০ হাজার টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে হাতে এবং ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।