বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিশু হত্যায় ৫ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি পিপলস ইউনিভার্সিটির ছাত্র মহিউদ্দীন মিশু (২০) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন আরও তিনজন আসামি।

গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ-১–এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন। মহিউদ্দীনের বাবা নূর উদ্দীন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হুমায়ূন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম ওরফে নমো কালাম। যাবজ্জীবন কারাপ্রাপ্ত আসামিরা হলেন হাশেম দেও, রাজা ও বাদশা। তাঁদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নমো কালাম আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাজা ছাড়া বাকি ছয়জন আসামি পলাতক আছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর খালাসপ্রাপ্ত তিনজন হলেন শুভ, হেকমত ও বাবু।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ১৯ মে নানিবাড়ি যাওয়ার কথা বলে রাজধানীর কাফরুলের নিজ বাসা থেকে বের হন মহিউদ্দীন। ঘটনার দিন সন্ধ্যায় নিহত ব্যক্তির বাড়ির সামনে থেকে পাবনায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মহিউদ্দীনকে ডেকে নেন হুমায়ূন কবির।

পরে আসামিরা মহিউদ্দীনকে পাবনায় নিয়ে যান। সেখানে আটকে রেখে হুমায়ূন কবির মুক্তিপণ হিসেবে মহিউদ্দীনের বাবার কাছে ৬০ লাখ টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় পাবনার তেলিগ্রামে নিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মহিউদ্দীনের বাবা নূর উদ্দীন বাদী হয়ে ২০০৬ সালের ১৩ জুলাই কাফরুল থানায় হত্যা মামলা করেন।