বিশ্ববিদ্যালয়ের ছাত্র ২ দিন ধরে নিখোঁজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রহমতুল্লাহ গত শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় শনিবার রাতে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল আলম।
নিখোঁজ রহমতুল্লাহর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে। তাঁর বাবার নাম মোসলেম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রহমতুল্লাহ। ওই হল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার কথা বলে হল থেকে বের হয়ে যান তিনি। রাতে হলে না ফেরায় তাঁর সহপাঠীরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। পরের দিন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি।
রহমতুল্লাহর রুমমেটের বরাত দিয়ে তাঁর বড় ভাই মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, রহমতুল্লাহর টাকার প্রয়োজন ছিল বলে শুক্রবার রাতে বাড়িতে ফোন করে তাঁর বাবার কাছ থেকে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা নেন। ওই রাতে রহমতুল্লাহ টিউশনি করিয়ে হলে এসে সাইকেল রেখে আবার বের হয়ে যান। তবে তাঁর দুটি মুঠোফোনের একটি ভুলে কক্ষে ফেলে যান। পরে তিনি অন্য একটি ছেলেকে পাঠিয়ে ফোনটি নিয়ে যান। সেই থেকে তাঁর মুঠোফোন বন্ধ। এমনকি যে ছেলেটি হলে এসে তাঁর ভাইয়ের মুঠোফোন নিয়ে গেছেন তাঁর ফোনও বন্ধ।
বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের গবেষণাগার পরিচালক মো. সইজুদ্দিন বলেন, এক রিকশাচালক তাঁকে জানিয়েছেন যে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন স্টেশনবাজার এলাকায় চারজন ব্যক্তি অটোরিকশা নিয়ে এসে র্যাব পরিচয়ে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছেন। রিকশাচালকের বর্ণনা থেকে তিনি সন্দেহ করছেন, ওই শিক্ষার্থী রহমতুল্লাহ ছিলেন।
তবে মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, তাঁর কাছে রহমতুল্লাহ নামে কোনো শিক্ষার্থী আটকের খবর নেই।
নগরের মতিহার থানার ওসি) হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ছাত্রের বিভাগের এক শিক্ষক জিডি করেছেন। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
রহমতুল্লাহর সহপাঠী রাশেদ খান জানান, গতকাল তাঁদের চূড়ান্ত পরীক্ষা ছিল। কিন্তু রহমতুল্লাহকে খুঁজে না পাওয়ায় তাঁরা শিক্ষকদের বলে সেই পরীক্ষা বাতিল করেছেন।