বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাঁচাতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রকে বাঁচাতে আর্থিক সহায়তা চেয়ে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান বিপণিবিতানের সামনে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন করেন সহপাঠীরা।
লিভার সিরোসিস রোগে আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র গাইবান্ধা শহরের থানাপাড়ার বাসিন্দা তৌফিকুল ইসলামের চিকিৎসার জন্য ওই মানববন্ধন করা হয়। এ সময় ওই রোডে চলাচলকারী পথচারীদের লিফলেট দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন তৌফিকুল ইসলামের সহপাঠী সিফাত কবির, আসিফ হোসেন, ফুয়াদ হোসেন প্রমুখ। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক কমিটির সদস্যসচিব ফরহাদ আবদুল্যাহ হারুন, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান ও সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল লতিফ আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, তৌফিকুলের উন্নত চিকিৎসার মাধ্যমে লিভার পরিবর্তনের জন্য প্রায় এক কোটি টাকার প্রয়োজন। যা তাঁর দরিদ্র বাবার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই এই মেধাবী ছাত্রকে বাঁচাতে বিত্তবান সহৃদয় মানুষের কাছ থেকে আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে।